ফতুল্লার ইসদাইরে বহুল আলোচিত শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে জসিম(২৬) গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে পুলিশের দুই উপ-পরিদর্শকসহ তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও তার সহযোগী মোহন (২২)কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিক (বিপিএম), উপ-পরিদর্শক নন্দন কুমার সরকার ও পুলিশ কনস্টেবল রাসেদুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার দুপুর সোয়া ৩টার দিকে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক, তার শ্যালক ইয়াদ আলী ও ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া রেলস্টেশন থেকে ইসদাইর নতুন রাস্তার দিকে এগিয়ে আসছিল।
এ সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক(অপারেশন) আজিজের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. রফিক (বিপিএম), নন্দন কুমার সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছালে রাজ্জাক বাহিনীর সদস্যরা রেললাইনের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলির মুখে রাজ্জাক বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও মোহনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাজ্জাক ও তার ছেলে জসিম কারাগার থেকে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পর তারা ইসদাইর এলাকায় পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ চাষাড়া, রেলস্টেশন ও ইসদাইর নতুন রাস্তা এলাকায় নজরদারি জোরদার করে।
আহত উপ-পরিদর্শক মো. রফিক (বিপিএম) জানান, শনিবার দুপুরে তারা খবর পান রাজ্জাকের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাষাড়া থেকে ইসদাইর নতুন বাজার এলাকার দিকে এগিয়ে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেললাইনের ওপর থেকে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালানো হয়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, রাজ্জাক ও তার ছেলে কয়েকদিন আগে জামিনে কারাগার থেকে বের হন। শনিবার দুপুরে রাজ্জাকের নেতৃত্বে একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে ইসদাইর নতুন রাস্তার দিকে আসছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এতে পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাকের ছেলে জসিম ও তার সহযোগী মোহনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/ এজে




