দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল ও অবকাঠামোগত সংকট নিরসনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারিও দেন তিনি।
শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি হাসপাতাল কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যক্তিগত ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিচালনা করা সম্ভব নয়। হাসপাতালের সেবাব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে।
হাসপাতালকে ঘিরে কথিত ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’-এর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র যেতে হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তারা জানান,পুরাতন ভবনের পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণ করা হলেও তা এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী হয়ে ওঠেনি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতির কারণে জেলার রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসকসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




