শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নাটোরে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক সাজিবুল হৃদয় ও মো. রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড ছাত্রদল মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সব নেতাকর্মীকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, এটি তাদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কোনো কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোনো কর্মকাণ্ড করলে ভবিষ্যতেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (১২ আগস্ট) বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনওকে অবরুদ্ধ করেন। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।

এ ঘটনার পর নাটোরের লালপুর, বাগাতিপাড়াসহ চার উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর