খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান চালান। এ সময় দুই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস কারবারিকে আটক করা হয়।
পরে জব্দ করা মাংস ও আটক দুই ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় অবৈধ শিকার ও পাচারের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




