আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল ও ভিন্নমতের লোকজনকে হয়রানির অভিযোগ ওঠা রাজশাহীর দুই সাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মোট ৪৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের মধ্যে রাজশাহীর এই দুই ওসি রয়েছেন।
তারা হলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি এস এম মাসুদ পারভেজ ও নিবারণ চন্দ্র বর্মন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এস এম মাসুদ পারভেজ রাজশাহীর মোহনপুর, পবা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও তানোর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহনপুর থানায় দায়িত্ব পালনকালে তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলায় জড়ানো, রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মামলা দেওয়া এবং রিমান্ডে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
এ ছাড়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বিনা পরোয়ানায় তল্লাশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, নিবারণ চন্দ্র বর্মন প্রায় তিন বছর বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২২ জানুয়ারি তাকে বোয়ালিয়া থানা থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারের সময়ে তাকে জামালপুরের একটি থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।
বোয়ালিয়া থানায় দায়িত্ব পালনকালে তৎকালীন বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধেও।
এদিকে দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবরে রাজশাহীর পবা ও মোহনপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দুই সাবেক ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলার কথা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে ৪৯ জন পুলিশ পরিদর্শককে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




