যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার খানজাহান আলীর ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেলটি বহন করছিলেন, নাকি কোথাও রাখার সময় বিস্ফোরণ ঘটে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




