শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফুটবল আনতে গিয়ে মেঘনায় তলিয়ে গেলেন অটোরিকশা চালক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

মেঘনা থেকে ফুটবল আনতে গিয়ে তলিয়ে গেলেন অটোরিকশা চালক
নদীতে নিখোঁজ মোহাম্মদ মিলন। ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে ফুটবল আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ মিলন (৪০) নামে এক অটোরিকশা চালক।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মেঘনা নদীর কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিখোঁজ মোহাম্মদ মিলন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোচালক।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর একটি চরে ঘুরতে যান মিলন। সেখানে ফুটবল খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। পরে মিলনসহ চার বন্ধু বলটি উদ্ধারের জন্য নদীতে নামেন। এ সময় নদীতে প্রবল স্রোতের ধাক্কায় মিলন পানিতে তলিয়ে যান।

‎এরপর তার বন্ধুরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

‎লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার রঞ্জন কুমার সাহ জানান, তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খুঁজেও পাওয়া যায়নি। নদীতে প্রচণ্ড স্রোতের মধ্যে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজ মিলনের সন্ধান পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে নৌ-পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর