নেত্রকোনার বারহাট্টায় উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে এ ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ালদেও গ্রামের মো. মাজহারুল ইসলামের মাদ্রাসাপড়ুয়া কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের তিলসিন্দুর গ্রামের অফাজ্জলের ছেলে মোজাম্মেলের (২৭) বিয়ের আয়োজন করা হয়। বিয়ের জন্য প্যান্ডেলসহ অন্যান্য প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছিল পরিবারের লোকজন। পুরো বাড়ি ডেকোরেশন করে তৈরি করা হয়েছিল মঞ্চ। বিকেলে বর আসার কথা ছিল।
গোপন সংবাদে বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম দ্রুত সেখানে গিয়ে হাজির হন। পরে কনের বয়স যাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কিশোরীর পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গ্রাম পুলিশের মাধ্যমে বিয়ের জন্য তৈরি করা মঞ্চ ও ডেকোরেশন অপসারণ করা হয়।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বারহাট্টা উপজেলাকে বাল্যবিয়েমুক্ত রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/এলএ




