বরিশালে অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে পৃথক হারিকেন মিছিল, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা ও মহানগর শাখা।
শুক্রবার জুমার নামাজের পর বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন নেতাকর্মীরা।
এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে একই দাবিতে শুক্রবার বিকাল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সদর রোডে ‘হ্যারিকেন মিছিল’ কর্মসূচি পালন করেন মহানগর শাখার নেতাকর্মীরা।
দুই কর্মসূচির বক্তারা প্রায় একই সুরে বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে রয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সঠিক ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’। বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন- এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ, মো. রেফায়েত, মো. আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এলএ




