শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় গোরস্থানের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১৫ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহাম্মদ আল মামুন বলেন, শুক্রবার সকাল থেকে সংঘর্ষে আহত ৫০ জনের বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও আহত ব্যক্তি হাসপাতালে আসছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আহত সবাইকে পুলিশ কেস হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আমগড়া বাজারের পাশের গোরস্থানটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমগড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়া দাবি করেন, গোরস্থানটি সার্বজনীন। আশপাশের আটটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেখানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। তবে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন গোরস্থানটি এককভাবে ব্যবহারের চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়েছে।

2841cd3e-8899-4d9a-a6e3-0957b2bb1b59

অন্যদিকে পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দা মো. কালামের দাবি, গোরস্থানের জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের গ্রামের লোকজনের নামে রয়েছে। আমগড়া গ্রামের লোকজন জোর করে গোরস্থানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করায় বিরোধের সূত্রপাত।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোরস্থানের আধিপত্য নিয়ে পুলিয়া পানেশ্বরপাড়া ও আমগড়াসহ কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সম্প্রতি গোরস্থান ঘেঁষে আমগড়া গ্রামের লোকজন কয়েকটি দোকানঘর স্থাপনের উদ্যোগ নিলে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন বাধা দেন। এ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দুই পক্ষের ৫০ থেকে ৬০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সংঘর্ষে আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর