নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুহাদ পূর্ব পাটুল এলাকার মো. জাকির বাগেরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
কিছুক্ষণ পর নুহাদের শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দেয়। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে কামড়েছে। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস




