শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার
গ্রেফতার তিন মাদক কারবারি।

হবিগঞ্জের লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে শাকিল মিয়া (২৩), বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাগুরি গ্রামের মন্তু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৮)।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল লাখাই উপজেলার কালাউক বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হবিগঞ্জ সদর এলাকা থেকে সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে লাখাইয়ের দিকে যাচ্ছে।

পরে র‌্যাবের দলটি লাখাইয়ের বুল্লা বাঁশবাজার এলাকার পাকা সড়কে চেকপোস্ট বসায়। একটি সিএনজিকে থামার সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে সিএনজির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, এ ঘটনায় আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা সিএনজিসহ তাদের লাখাই থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর