চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আসাদ উল্লাহ পাটওয়ারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটওয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ উল্লাহ ওই এলাকার মৃত চাঁনবর পাটওয়ারীর ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন আসাদ উল্লাহ। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. শহিদুল ইসলাম ও তার দলের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো যায়নি। সন্ধ্যার দিকে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
স্বজনেরা জানান, আসাদ উল্লাহ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। বাড়ির অদূরের ওই পুকুরে তিনি নিয়মিত গোসল করতেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পানির নিচ থেকে বৃদ্ধকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। বিষয়টি হাজীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




