চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কথা বলে চাঁদা দাবির অভিযোগে সবুজ শেখ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।
দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তার পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান।

তবে সবুজ শেখ কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার কথা স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, তার কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




