হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের প্রবিত্র তাতীর ছেলে পরমেস্বর তাতী (৪০), মৃত প্রাণবন্ধুর ছেলে অরুন তন্ত্রবায় (৫০) ও মৃত মাখন তন্ত্রবায়ের ছেলে রাম তন্ত্রবায় (৪৫)।
র্যাব সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দেওরগাছে পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশে অবস্থান করছেন।

পরে র্যাবের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পাঁচটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বস্তাগুলোতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে বস্তাগুলো থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজাসহ গ্রেফতার তিনজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




