সাভারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার বাহিনীতে এখন কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ নেই। নিয়োগ থেকে শুরু করে বাহিনীর প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সাভার বাজার রোডের আমিন টাওয়ারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার বাহিনীতে স্বচ্ছতার সংস্কৃতি বজায় রাখা তাদের প্রধান লক্ষ্য। নিয়োগসহ প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে যা কিছুই ঘটে থাকুক না কেন, বর্তমানে আনসার বাহিনী আর আগের অবস্থায় নেই। বাহিনীতে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ নেই।
দেশে প্রথমবারের মতো আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধনের বিষয়ে ডিজি বলেন, এই ব্যাংকের মাধ্যমে বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা সহজ শর্তে আর্থিক সুবিধা ও ঋণ সহায়তা পাবেন। এতে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি চাকরির বাইরে পরিবারকে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠান শেষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে তিনজন অঙ্গীভূত আনসার সদস্যের হাতে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
ঋণ পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্য মো. রায়হান বলেন, তিনি এবার দ্বিতীয়বারের মতো এই ঋণ নিয়েছেন। এবার ঋণের টাকা দিয়ে গ্রামের বাড়িতে ছোট পরিসরে গরুর খামার করবেন। চাকরির আয়ের পাশাপাশি বাড়তি আয় হলে সংসারে স্বচ্ছলতা ফিরবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ঢাকা জেলা কমান্ড্যান্ট রাসেদুজ্জামান, সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আনিছুর রহমান, সংশ্লিষ্ট শাখার ব্যাংক ব্যবস্থাপকসহ আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এআর




