রংপুর নগরীর তাজহাট বাবুপাড়া আনসারীর মোড় এলাকায় রিকশার গ্যারেজের ভেতর থেকে আব্দুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্যারেজের ভেতরে একটি আলমারি ও ড্রয়ার ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্যারেজের তালা কেটে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান গ্যারেজের মালিক ছিলেন। তিনি সেখানেই থাকতেন এবং রিকশাগুলোর দেখাশোনা করতেন। সকালে গ্যারেজের বাইরে তালা দেওয়া দেখে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তালা কেটে মরদেহ উদ্ধার করে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গ্যারেজের ভেতরে থাকা আলমারি ও ড্রয়ার ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে মালামাল লুট হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।




