বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাক-পিকআপ সংঘর্ষ, শাহ সুলতানের মাজারে যাওয়ার পথে প্রাণ গেল ৪ জনের

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

পীরের মাজারে যাওয়ার পথে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নিহতরা হলেন, ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড়ের আঃ গফুর (৩৮), দেলোয়ার হোসেন (৩৬) ও শাকিল (৪০)। তবে নিহত নারীর পরিচয় রাত পৌনে নয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিকআপ ভ্যানে করে নারী পুরুষ ও চালকসহ আটজন ময়মনসিংহ থেকে নেত্রকোনা সদরের হযরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমীর (র.) মাজার শরীফের উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসার পথে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়।

সংঘর্ষে পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন। স্থানীয় লোকজন আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে গুরুতর আহত চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনায় ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়ক এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে আবার সড়কে যানবাহন চলাচল শুরু হয়। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপ ভ্যানে করে ময়মনসিংহ থেকে নেত্রকোনা সদরের একটি মাজারে যাচ্ছিলেন নারী পুরুষসহ বেশ কয়েকজন। তাদের সাথে ছাগল ও থালা বাসনও ছিল। নারান্দিয়া এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে তাদের মধ্যে চারজন নিহত হয়। আহতের অবস্থাও বেশ গুরুতর। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর