চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয় সংলগ্ন ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু কিনে খেয়ে মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের ধারণা, বিষাক্ত বা নিম্নমানের খাবার থেকে এ 'ফুড পয়জনিং' বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার টিফিন চলাকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস শুরু হওয়ার পর দুপুরে টিফিন বিরতিতে তারা বিদ্যাপীঠের সামনের একটি ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। তা খাওয়ার আধা ঘণ্টার মধ্যেই একাধিক শিক্ষার্থীর মাথা ব্যথা, মাথা ঘোরানোসহ শারীরিক অস্বস্তি শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে মারাত্মক রূপ নিলে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।
ঘটনার বিস্তারিত জানিয়ে মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম বলেন, টিফিনের সময় শিক্ষার্থীরা বাইরে থেকে পিঁয়াজু কিনে খেয়েছিল। খাওয়ার কিছুক্ষণ পরেই কয়েকজন অসুস্থবোধ করতে থাকে। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। তবে অসুস্থতা বেশি হওয়ায় বাকি ৭ জনকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রহমতুল্লাহ জানান, মূলত খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। তবে বর্তমানে ভর্তি থাকা শিক্ষার্থীরা শঙ্কামুক্ত। বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বাইরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে দোকান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে খাবারের গুণগত মান পরীক্ষা করা হবে। মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশনে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




