বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কথা বলে চাঁদা দাবি করার অভিযোগে সবুজ শেখ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা বলে তিনি চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান।

এ সময় সবুজ শেখ তাঁর কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, তাঁর কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা একজন সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর