বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ‘ছাত্রলীগ নেতা’ ধরা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ‘ছাত্রলীগ নেতা’ ধরা
আটক ‘ছাত্রলীগ নেতা’ নাঈম। ছবি: ঢাকা মেইল

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে নাঈম (২৫) নামে এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, কন্যা ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হন। আহতদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক নাঈম ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে। 

স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশে থাকা একটি সুপারি গাছ বেয়ে উঠে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা ইলিয়াস হোসেনের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। নাজমা মোবাইল ফোনে বিষয়টি জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে নাজমাকে আঘাত করা হয়। নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের উদ্ধারে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। 

আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নাঈমকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

প্রবাসী ইলিয়াস হোসেনের বড় ভাই মো. মিরাজ মিয়া বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এই সুযোগে নাঈম দিনদুপুরে বাড়িতে চুরি করতে এসেছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নাঈম ও তার বাবা রফিককে থানায় নিয়ে আসা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর