গাজীপুরে জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় ও গুলির শব্দ শুনে আতঙ্কে নদীতে ঝাপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিখোঁজ ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। তিনি গাজীপুর মহানগরের ২১ নং ওয়ার্ডের খালিশা বর্থা এলাকার মৃত মোহাম্মদ আলী মেম্বারের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে গাজীপুরের কারখানা বাজার এলাকায় তুরাগ নদীতে নৌকায় কয়েকজন ব্যক্তি জুয়ার আসর বসায়। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং এক রাউন্ড গুলি ছোড়ে।
এসময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে জুয়াড়িরা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় সাঁতরে সঙ্গের লোকজন তীরে উঠলেও মোয়াজ্জেম হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং সাঁতরে তীরে উঠা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিখোঁজ ব্যক্তির সন্ধানে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার পর গতকাল থেকে মোয়াজ্জেম হোসেন নিখোঁজ রয়েছেন। এখনও তার হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধার করার জন্য তৎপর রয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতিনিধি/ এজে




