নাটোরে চারটি উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্য়ালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
স্থগিত আদেশে জানানো হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের নিমিত্ত নাটোর জেলার আওতাধীন বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োজিতকরণের লক্ষ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল স্থগিতকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।
এমতাবস্থায়, উক্ত ফলাফল স্থগিতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
নাটোর জেলার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে নাটোর জেলার চারটি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আদেশ জারি হলে তা জানানো হবে।
উল্লেখ্য : বুধবার (১২ আগস্ট) দুপুরে বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ফলাফল প্রকাশকে কেন্দ্র বিক্ষোভ করে ছাত্রদল। এসময় ইউএনও অফিস ঘেরাও, ফুলের টব, প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নিজ অফিসে অবরুদ্ধ হয়ে পড়েন ইউএনও।
এসব ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক।
প্রতিনিধি/ এজে




