দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে নিয়োজিত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত সাইফুল ইসলামের কোনো ব্যক্তিগত অপকর্মের দায় দল বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রকাশ পাওয়া তথ্য সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় এক প্রবাসী নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন সাইফুল ইসলাম। পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় কমিটি দ্রুত-এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, অসামাজিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে কেন্দ্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এজে




