বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

এলপিজি স্টেশনের আড়ালে নকল লুব্রিকেন্ট, মালিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

এলপিজি স্টেশনের আড়ালে নকল লুব্রিকেন্ট, মালিকের কারাদণ্ড
র‌্যাবের অভিযান। ছাব: ঢাকা মেইল

যশোর-মাগুরা মহাসড়কের পাশে এলপিজি ফিলিং স্টেশনের আড়ালে গড়ে তোলা একটি অটোমোবাইল কারখানায় নামিদামি ব্র্যান্ডের নামে নকল ও নিম্নমানের লুব্রিকেন্ট তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব। 

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত লুব্রিকেন্টের বোতল, প্যাকেজিং সামগ্রী, রাসায়নিক দ্রব্যসহ নকল লুব্রিকেন্ট তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইলিয়াস হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত যশোর-মাগুরা মহাসড়কের পাশে মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সঙ্গে থাকা মেসার্স রিজিয়া এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শনের পেছনে নিসা অটোমোবাইলসে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদে নিসা অটোমোবাইলসে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানের একটি অংশে বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল লুব্রিকেন্ট তৈরির সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে বাজাজ, হিরো, টিভিএস, ইন্ডোম্যাক্স, মিন্ডাসসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত লুব্রিকেন্টের বোতল ও প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে লুব্রিকেন্ট তৈরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব কর্মকর্তা মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে নকল লুব্রিকেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে উদ্ধার করা লুব্রিকেন্টের অধিকাংশই নকল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা উপকরণ ও আলামত যাচাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান শেষে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, বিভিন্ন ব্র্যান্ডের নামে লুব্রিকেন্ট তৈরির কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ইলিয়াস হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর