নাটোরের নলডাঙ্গায় নানার বাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির জেরে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে মো. তামিম হোসেন (২৬) এবং একই এলাকার মো. মাসুদ রানার ছেলে মোহাম্মদ জিতু (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানার বাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে তামিম ও জিতুর সাথে তাদের আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তার ছেলে জীবন প্রাং (২৪) এবং স্ত্রী শাহিনা বেগমের (৩৯) বাকবিতণ্ডা হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুল ও তার ছেলে জীবন ছুরি দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালায়। এতে তামিমের গলায় ছুরির আঘাতে গুরুতর জখম হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন জিতুর ডান পেটে ছুরির আঘাতে তিনিও জখম হন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ওসি ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এলএ




