গাজীপুরে র্যাবের অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজন অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং অন্য একজন ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার।
বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুরের জয়দেবপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, র্যাবের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করায়, শাকিল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মডেল ডায়াগনস্টিক সেন্টারে আসাদ নামে এক ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।




