বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

লোডশেডিং, চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

লোডশেডিং, চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের সমাবেশ। ছবি: ঢাকা মেইল

অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন। পরবর্তীতে তারা জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা চলছে। তবে দিন-রাত ঘন ঘন ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে তারা ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। এতে করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু শিক্ষা খাতই নয়, অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে জেলা শহর ও গ্রামীণ এলাকার ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম। 

তারা বলেন, পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে এমন বিদ্যুৎ বিভ্রাট আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ।

দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করা হলে আগামীতে আরও কঠোর ও কঠোরতর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর