বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিয়ের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

বিয়ের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
গ্রেফতার মো. শামীম গুলুমতাজ। ছবি: ঢাকা মেইল

বরগুনার তালতলী উপজেলায় বিয়ের লোভ দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. শামীম গুলুমতাজ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বর্তমানে পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুধবার ভুক্তভোগী নারী তালতলী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শামীমকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী কাজের প্রয়োজনে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে প্রতিবেশী শামীম তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে। ২৩ মার্চ রাতে ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে শামীম ঘরে ঢুকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে বিয়ের লোভ দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দেন। তবে শামীম বিয়েতে অস্বীকৃতি জানান এবং গর্ভের সন্তান তার নয় বলে দাবি করে হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর শামীম গুলুমতাজকে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারী লিখিত এজাহার করলে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর