বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

গরুর খামারের আড়ালে নকল সিগারেটের কারখানা, জব্দ ২০ লাখ শলাকা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

গরুর খামারের আড়ালে নকল সিগারেটের কারখানা, জব্দ ২০ লাখ শলাকা

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। এ সময় সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জামও জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর খামারে এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযানে খামারের একটি গোডাউনের ভেতরে গড়ে তোলা অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ‘নেভি’, ‘ডার্বি’ ও ‘রয়েল’ ব্র্যান্ডের প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেটসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা।

a3a91ab0-2dc5-410d-aacd-f481134f0a1e

তিনি আরও বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অবৈধ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গোডাউনের মালিক হাবিব মাস্টার বলেন, তিনি জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামের দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় গোডাউনটি দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল—এ বিষয়ে তিনি জানতেন না বলে দাবি করেন।

হাবিব মাস্টার বলেন, ‘আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওই দিকে খুব একটা যাওয়া হয় না।’

c56399f1-cbf4-409f-910d-b926d89faab3

তিনি আরও বলেন, এর আগেও র‍্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়। প্রশাসন কারখানাটি বন্ধ করার পর মালিকপক্ষ আদালতের মাধ্যমে সেটি পুনরায় চালু করেছে। এ অবস্থায় ব্যক্তিগতভাবে তার পক্ষে কারখানাটি বন্ধ করার ক্ষমতা ছিল না বলে দাবি করেন তিনি। সামাজিকভাবে সম্মানের সঙ্গে বসবাসের জন্য তিনি গোডাউনটি ভাড়া দিয়েছিলেন বলেও জানান।

এর আগে গত ৯ মে র‍্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানায় অভিযান চালানো হয়। ওই সময় পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

তবে কিছুদিনের মধ্যেই কারখানাটি আবার চালু করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, আগের অভিযানের পর কারখানাটি সিলগালা করা হলেও পরে মালিকপক্ষ আদালতে মামলা করে সেটি পুনরায় চালু করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের অভিযানে নকল সিগারেট ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর