পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত রুশ নাগরিকের নাম দোরোখিন সের্গেই (৫১)। তিনি রূপপুর প্রকল্পে কর্মরত রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ATE (Atomtechenergo)-এর কর্মী ছিলেন।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে ৫.৭ বিল্ডিংয়ের অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, সের্গেই প্রথমে অসুস্থতা অনুভব করলে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। পরে হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেন। এরপর তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এজে




