সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে ধানখেতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লার হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে জিল্লার হোসেন বাড়ির পাশের ধানখেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধানখেতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
প্রতিনিধি/এসএস




