বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল ও বৈরী হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে মাছ ধরার ও বাণিজ্যিক নৌযান পাঠানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাথরঘাটা কোস্ট গার্ড। আবহাওয়া অধিদফতরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। উত্তাল সাগরে দুর্ঘটনা ঘটলে প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়তে পারে। এতে জেলে ও নৌযানচালকদের পাশাপাশি উদ্ধারকারী দলের সদস্যরাও ঝুঁকিতে পড়বেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রের বৈরী পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিক, ঘাট কমিটি এবং বোট মালিক সমিতির সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
একই সঙ্গে জরুরি সতর্কবার্তাটি দ্রুত উপকূলীয় এলাকার জেলে ও নৌযান মালিকদের মধ্যে প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
প্রতিনিধি/এসএস




