সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ধানখেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্যামল কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ওই জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




