মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে অভিযান চালিয়ে চালকের লাশ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকে চালক ও হেলপার ছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন।
প্রতিনিধি/এসএস




