‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রকল্পের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা এবং গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিনিধি/এসএস




