বরিশাল জজ কোর্ট চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
আদালতের ফটকে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা জানান, তারা নিজ নিজ অবস্থানে ছিলেন। হঠাৎ ফটকের সামনে বিকট শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, কেউ বস্তুটি সেখানে ফেলে রেখে যেতে পারে অথবা পুঁতে রাখতে পারে। পরে সেটি বিস্ফোরিত হয়।

ঘটনার খবর পেয়ে বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস ঘটনাস্থলে যান। পরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডির দল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের পর আদালত চত্বরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, ‘এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কীভাবে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরিত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আদালত চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
প্রতিনিধি/এসএস




