অবশেষে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের জালে গ্রেফতার হয়েছেন কুখ্যাত ক্যাসিনো জুয়ারু নামে পরিচিত ওয়াজেদ আলী রজব (৩১)। টাকার বিনিময়ে মোবাইলে অনলাইন জুয়া খেলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
গ্রেফতার ওয়াজেদ আলী রজব চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজবকে গ্রেফতার করা হয়।। এসময় তার কাছ থেকে অনলাইনে জুয়া খেলার ভিভো ব্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইলে অনলাইনে জুয়া খেলার বিভিন্ন ব্রাউজার রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, গ্রেফতার রজব মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসা পরিচালনা করতেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগরী গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি




