নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষের মধ্যেই বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতকালীন পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।
রবিবার (৯ আগস্ট) ডোমার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিনের স্বাক্ষরিত ওই চিঠিতে এ অনুরোধ জানানো হয়। মজ্ঞলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাবিবুল্লাহ।
চিঠিতে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন।
এ জন্য ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটী অভিযোগ কেন্দ্রে রাতকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এসব স্থাপনা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখাও সহজ হবে।
তবে চিঠিতে কোনো নির্দিষ্ট নাশকতা বা হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়নি। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পুলিশের নিরাপত্তা ও টহল চাওয়া হয়েছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাবিবুল্লাহ বলেন, সাদা পোশাকে অফিসে পুলিশ সদস্য মোতায়েন আছে আমাদের টহল অভিযান অব্যাহত আছে। ##
রাশেদ/নীলফামারী/




