নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলা চালায়। হামলায় ওসি (তদন্ত)সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ, ড্রাইভার ইছাক শেখ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লা (৭০), আবু সুফিয়ান (২৮), বোবা জাবের(৪৫)।
পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদাদাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার। অভিযোগ পেয়ে ওসি (তদন্ত) সহ পুলিশের টিম ঘটনাস্থলে যান তদন্তে। এসময় দু’পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোন দিয়ে জানান, অভিযুক্তরা মাদরাসায় ঢুকে সিসিটিভি ভাঙচুর করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাংচুরের কারন জিজ্ঞেস করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তরা। এতে পুলিশের ওই ৫ সদস্য আহত হন। পরে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এসময় পুলিশের ওপর হামলা ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, এ ঘটনায় আমাদের পাঁচ জন আহত হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এজে




