মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে ‘৪৮ ঘণ্টার’ আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে ‘৪৮ ঘণ্টার’ আল্টিমেটাম

পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ‘ছাত্র ও জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে যথাযথ ব্যবস্থা না নেওয়া, দায়িত্ব পালনে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের শুমারিতে পক্ষপাতিত্বেরও অভিযোগ করেন তারা।

জুলাই যোদ্ধা মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি জুলাই যোদ্ধাদেরও যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।

আরেক জুলাই যোদ্ধা শারমিন আক্তার স্বর্ণা বলেন, ইউএনওকে ‘৪৮ ঘণ্টার’ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি স্বেচ্ছায় উপজেলা থেকে চলে না গেলে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থী আবু রাফি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারিতে পক্ষপাতিত্ব করা হয়েছে। আওয়ামী লীগ ও ‘ফ্যাসিস্ট পরিবারের’ লোকজনকে ওই শুমারিতে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তিনি এর প্রতিবাদ জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে ইউএনওর অপসারণসহ উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী কোনো বক্তব্য দিতে রাজি হননি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর