মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, তরুণ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, তরুণ গ্রেফতার
গ্রেফতার রাজীব।

ঝিনাইদহের কালীগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার দামোদরপুর বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও রাজীবকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী বাঘারপাড়া জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এজাহারে অভিযোগ করা হয়েছে, স্কুলে যাতায়াতের পথে বনগ্রাম এলাকার হাসান আলীর ছেলে রাজীব হোসেন ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।

গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ওই দিনই কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তার মা মোছা. নুর জাহান খাতুন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেফতার রাজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর