দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক পারভেজ মন্ডল চাতরাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত লবানা মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। পরিচালিত এ অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মূর্তিটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেন। মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।
প্রতিনিধি/ এজে




