মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফুলছড়িতে নিয়োগ তালিকা বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

ফুলছড়িতে নিয়োগ তালিকা বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও রয়েছে বলে তারা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। বিষয়টি জানাজানি হলে বেলা ১টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগবঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় কয়েকটি অফিস কক্ষের জানালার কাচ ও চেয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১টার দিকে পরিস্থিতি শান্ত করেন।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও রয়েছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগবঞ্চিতরা বিক্ষোভ করেছেন। আমরা অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সুপারভাইজার নিয়োগের জন্য এক হাজারের বেশি আবেদন পড়েছিল। সরকারি নিয়ম অনুসরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ থেকে বঞ্চিত ব্যক্তিরাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছেন বলে তিনি জানান।

ভাঙচুরের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর