ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী রহমত আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম আটকের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
অভিযুক্ত রহমত আলী (২৮) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি।
ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে অভিযুক্ত রহমত আলীকে ভোরে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে রহমত আলীর সঙ্গে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান তিনি।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
প্রতিনিধি/এজে




