মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার
শেলি খাতুন লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি ছিলেন।

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি শেলি খাতুনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেলি খাতুন লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি ছিলেন। তিনি জেলা শহরের আলোরুপা মোড় এলাকার বাসিন্দা মজিবর রহমানের স্ত্রী।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জান্নাত ফেরদৌস আরা রোজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলার স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা যায়, শেলি খাতুন ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে দলীয় পদ ও পরিচয় ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদা দাবি করাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি ছড়িয়ে পড়ার পর তারা তাৎক্ষণিকভাবে অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরুরি বৈঠক করে শেলি খাতুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, শেলি খাতুন দলীয় পদ ও পরিচয় ব্যবহার করে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে দরিদ্র নারীদের কাছ থেকে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ হাজার টাকা দাবি করেন। তাদের দাবি, চারজন নারীর কাছ থেকে তিনি টাকাও নিয়েছেন।

গত ৫ আগস্ট রাতে এলাকার কয়েকজন নারী শেলি খাতুনকে ডেকে আনেন। ফ্যামিলি কার্ডের জন্য টাকা দেওয়ার বিষয়টি নিয়ে সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে উপস্থিত নারীরা তাকে মারধর করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দা আলেয়া বেওয়া (৫৫) বলেন, তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। শেলি খাতুন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছিলেন। পরে ১০ হাজার টাকা না দেওয়ায় তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানানো হয়।

আলেয়া বেওয়া বলেন, ‘শেলি খাতুন খুবই ঘুষখোর একজন মহিলা। তাকে আমরা গণধোলাই দিয়েছি। শুনেছি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। খুবই ভালো কাজ হয়েছে। এ ধরনের মহিলা দলে থাকলে শুধু দলের বদনামই হতো।’

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দল থেকে বহিষ্কৃত শেলি খাতুন। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর