কুমিল্লা নগরের মানুষের দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে সিটি করপোরেশন।
গত বৃহস্পতিবার নগরের ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার এবং সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত চার দোকানমালিকের হাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এ সময় কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘নাগরিকদের দুর্যোগ ও সংকটের সময়ে পাশে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।’
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা থেকে ঢাকাগামী বাসে যাতায়াতকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে বাসের পুরোনো প্লাস্টিকের শক্ত সিট পরিবর্তন করে ফোমের সিট স্থাপনের ব্যবস্থা করেন ইউসুফ মোল্লা টিপু। শিক্ষার্থীদের জন্য বাসে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপন এবং খাবারের ব্যবস্থাও করেন তিনি।
প্রতিনিধি/এসএস




