সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

বগুড়ায় ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে মুহিব হাসান শ্রাবণ (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। অন্যরা নদী থেকে উঠে এলেও তিনি উঠতে পারেননি। একপর্যায়ে বন্ধুদের চোখের সামনেই নদীতে তলিয়ে যান তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিব হাসান শ্রাবণ ইছাইদহ এলাকার মামুন প্রামাণিকের ছেলে। তিনি বগুড়ার জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ১০ থেকে ১৫ জন বন্ধু ইছাইদহ এলাকায় ফুটবল খেলেন। খেলা শেষে তারা দলবেঁধে করতোয়া নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বন্ধুরা খেয়াল করেন, মুহিব তাদের সঙ্গে নেই। নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়দের খবর দেন তারা।

পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও মুহিবের সন্ধান না পেয়ে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

বিকেল ৫টার দিকে রাজশাহীর বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে করতোয়া নদীতে তল্লাশি শুরু করে।

বগুড়া সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার বলেন, ‘ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মুহিব পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর