নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় সালেহ আহমেদ (৫০) নামে এক স মিল শ্রমিককে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১০ আগস্ট) তিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় একজন স মিল শ্রমিক।
স্থানীয় ও পুলিশ জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন সালেহ আহমেদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসক জানান, সালেহ আহমেদের গলার প্রায় ৭০ শতাংশ কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় তার পরিবার।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
প্রতিনিধি/এমআর




