কুমিল্লার দাউদকান্দিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুই বছর বয়সী শিশু দুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো- তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) ও জাহিদুর রহমানের ছেলে আদিল (২)।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশের পানিতে ডুবে যায় আয়ান ও আদিল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, ‘রোববার সন্ধ্যায় দুই শিশুকে জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’
প্রতিনিধি/এমআর




